আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৬ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে জুলাইযোদ্ধাদের স্মরণে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, দোয়া অনুষ্ঠান ও মোনাজাতে অংশ গ্রহণ করেন ২৪-রংপুর, ৬-পীরগঞ্জ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন এমপি। এ সময়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মো. মিজানুর রহমান, নায়েবে আমীর মো. খায়রুল আজম (বিএসসি) ও উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদ সহ সকল জুলাইযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে জুলাই শহীদ দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান উপলক্ষে পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রিয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব,পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মিলু সরকার সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ। শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। কেন্দ্রিয় সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ” জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে এবং আগামি প্রজন্মকে ন্যায়, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে।
অপরদিকে পীরগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। সহকারি কমিশনার ভূমি তানভীর আহমেদ, অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply