বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

নবীনদের পদচারণায় মুখরিত বরিশাল বিশ্ববিদ্যালয় : ক্লাস শুরু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩১ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ১৫ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগ পৃথকভাবে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী আয়োজিত এসব অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ওরিয়েন্টেশন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, “অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করেছ। বিশ্ববিদ্যালয় জীবন জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন ও নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদেরকে অধ্যবসায়, শৃঙ্খলা ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে এমন আচরণ করবে, যাতে তোমাদের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম আরও বৃদ্ধি পায়। তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সর্বত্র দায়িত্বশীল আচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সমুন্নত রাখতে হবে। এসময় উপাচার্য মহোদয় র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।

উপাচার্য বলেন, দেশের কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের করের টাকায় পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের সুযোগকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। অর্জিত জ্ঞানকে সমাজ, দেশ ও মানবকল্যাণে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি নবীন শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

ওরিয়েন্টেশন শেষে বিভিন্ন বিভাগে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়। নবীন শিক্ষার্থীদের পদচারণায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর