শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

জাতীয় ঈদগাহে ৪০ হাজার মুসল্লির জামাত, একসঙ্গে নামাজে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪০ সময় দেখুন

শেখ মান্নাফ শাওন, ষ্টাফ রিপোর্টার, ১৯ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট)রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ-এ এবার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন প্রায় ৪০ হাজার মুসল্লি। একই সঙ্গে সেখানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের সম্মতি দিয়েছেন এবং রাষ্ট্রপতিও যথারীতি এখানে ঈদের নামাজ আদায় করবেন, ফলে এবারের জামাতে দুই ভিভিআইপি একসঙ্গে অংশ নেবেন।

তিনি আরও জানান, নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মুসল্লির জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ঈদগাহের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। জামাত শেষে সাধারণ মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি ঈদের শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পাবেন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ঈদগাহ মাঠে নামাজ আদায় সম্ভব না হলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ জামাতকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মো. সারোয়ার জানিয়েছেন, জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমকে কেন্দ্র করে বহুস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর বসানো হবে এবং পুরো এলাকা সিসিটিভির আওতায় রাখা হবে। মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবন এলাকাকে প্রবেশপথ হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং ঈদগাহ সংলগ্ন সড়কে সব ধরনের যানবাহন প্রবেশ ও পার্কিং নিষিদ্ধ থাকবে।

নিরাপত্তা নিশ্চিতে সিটিটিসি, ডগ স্কোয়াড ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট, ওয়াচ টাওয়ার, ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। নারীদের জন্য পৃথক প্রবেশপথ ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে। ডিএমপি মুসল্লিদের জন্য নির্দেশনা জারি করে জানিয়েছে, নামাজে অংশ নিতে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা দাহ্য বস্তু বহন করা যাবে না; দেশলাই, লাইটারসহ সব ধরনের দাহ্য বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ঈদ উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে এবারের ঈদ উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর