আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১০ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় র্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া, আলোচনা সভা এবং অগ্নি নির্বাপণ কৌশল প্রদর্শনী।
দিনব্যাপী আয়োজনে সচেতনতার এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। উপস্থিত শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষকে দেখানো হয়—বাড়ি-ঘরে হঠাৎ আগুন লাগলে কীভাবে প্রাথমিকভাবে তা নিয়ন্ত্রণ করা যায়, গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেলে কীভাবে দ্রুত ও নিরাপদ উপায়ে তা নেভানো সম্ভব এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত অগ্নি নির্বাপক যন্ত্রের কার্যকর ব্যবহার কেমন হওয়া উচিত।
অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাজমুল হোসেন সঞ্চালনার দায়িত্ব পালন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং গ্যাস সিলিন্ডারে আগুন নেভানোর বাস্তব কৌশল প্রদর্শন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন। তিনি বলেন, সচেতনতা ও প্রস্তুতিই দুর্যোগ মোকাবিলার সবচেয়ে বড় শক্তি; আর সেই শক্তিকে কাজে লাগিয়ে নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল আজিজ, জাইকা প্রকল্পের কর্মকর্তা, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের ইঞ্জিনিয়ার দর্শন চন্দ্র বর্মনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীরা।
সচেতনতার এই আয়োজন যেন এক বার্তাই পৌঁছে দিল – দুর্যোগ এলে আতঙ্ক নয়, প্রস্তুতিই হোক আমাদের শক্তি; তারুণ্যের হাত ধরেই গড়ে উঠুক নিরাপদ ও দুর্যোগ-সহনশীল বাংলাদেশ।
Leave a Reply