ঢাকা, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে বড় আয়োজন অমর একুশে বইমেলা আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। বাংলা একাডেমি আয়োজিত এ মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
এর আগে ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। এমনকি তারও আগে ২০ ফেব্রুয়ারি মেলা আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে প্রস্তুতির সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত ২৬ ফেব্রুয়ারি উদ্বোধনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এবারের বইমেলায় কোনো ‘প্যাভিলিয়ন’ রাখা হচ্ছে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে বইমেলা ২০২৬-এ প্যাভিলিয়ন না রাখার বিষয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতৃবৃন্দের সহায়তায় ইতোমধ্যে প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকরা তাদের প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন।
এদিকে ১৯ ফেব্রুয়ারি যেসব প্রকাশক স্টলের জন্য আবেদন করেছেন, তাদের স্টল বিন্যাসের লটারি ২২ ফেব্রুয়ারি রাত ১০টায় অনুষ্ঠিত হয়েছে। প্রকাশকরা সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে স্টল নির্মাণের কাজ শুরু করেছেন বলে জানা গেছে।
আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। আয়োজকরা আশা করছেন, পাঠক, লেখক ও প্রকাশকদের মিলনমেলায় এবারের আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
Leave a Reply