ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৮ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে পর্যটক ভিসাসহ ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ব্যতীত সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) থেকেই উপ-হাইকমিশনে কনস্যুলার সেবা ও সাধারণ ভিসা প্রদান কার্যক্রম স্থগিত রয়েছে।
ফলে আপাতত ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য শ্রেণির ভিসা দেওয়া হচ্ছে না। তবে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা কার্যক্রম চালু রয়েছে।
বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
কলকাতা উপ-হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এর আগে গত ২২ ডিসেম্বর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়। ওই সিদ্ধান্তের পর থেকেই এসব মিশনে পর্যটক ভিসা প্রদান ও কনস্যুলার কার্যক্রম বন্ধ রয়েছে।
সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে কলকাতা উপ-হাইকমিশনের এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply