আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৫ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১০নং শানেরহাট ইউনিয়নের মেস্টা গ্রামের বাসিন্দা বাদশা মিয়া। অভাবের সংসারে তিনি একজন দিনমজুর হলেও নিজের উপার্জনের টাকা দিয়ে তিনি প্রায় বিশ বছর ধরে রাস্তার পাশে, হাট-বাজার,মসজিদ, ঈদগাহ্ মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামের মোড়গুলিতে বনজ ও ফলদ গাছ লাগিয়ে আসছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় অনেকেই বাদশা মিয়াকে পাগল বলে উপেক্ষা করতেন। নানা রকম বাঁধা ও কটুক্তি সত্বেও তিনি গাছ লাগানো অব্যাহত রাখেন। বাদশা মিয়ার হিসেব অনুযায়ী এ পর্যন্ত তিনি ৩০ হাজারেরও অধিক আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, নারকেল ,খেজুরসহ বিভিন্ন প্রজাতীর ফলের গাছ লাগিয়েছেন। শুধু নিজের গ্রামেই নয়,আশেপাশের আরও পনেরটি গ্রামে তিনি ওই গাছ লাগিয়েছেন।
অভাবের সংসার,দিনমজুরীর জীবন,তবুও একমুঠো ভাতের চেয়ে একটু অক্সিজেনকেই গুরুত্ব দিয়েছেন তিনি। বাদশা মিয়া নীঃরবে প্রায় ২০ বছর ধরে মানুষের জন্য গাছ লাগিয়ে যাচ্ছেন। বাদশা মিয়ার এই নীঃস্বার্থ সংগ্রামের জন্য গত ০৪ অক্টোবর/২৫ ভিডিও আকারে এবং ২৪শে অক্টোবর/২৫ প্রথম আলোর প্রথম পাতায় ও অনলাইন সংস্করণে ” বিশ বছর ধরে গাছ লাগাচ্ছেন দিনমজুর বাদশা ” শিরোনামে প্রকাশিত হলে দেশজুড়ে আলোড়ন সৃস্টি হয়। এরই ধারাবাহিকতায় ইষ্টার্ন ব্যাংক পিএলসির পক্ষ থেকে দিনমজুর বাদশা মিয়াকে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
৪ জানুয়ারি,রবিবার পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের মেস্টা গ্রামে বাদশা মিয়ার নিজ বাড়িতে গিয়ে ইষ্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) পক্ষ থেকে এই আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ব্যাংকটির মানবসম্পদ বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) এফ সি এস মো. আব্দুল্লাহ আল মামুন,ভারপ্রাপ্ত অঞ্চল প্রধান(উত্তর ও দক্ষিণ) মোস্তফা কামাল এবং রংপুর শাখার এফ এ ভি পি ও শাখা ব্যবস্থাপক মো. শাহ আলম। এর আগে এভারেস্ট ফার্মাসিটিউক্যাল লিমিটেডের পক্ষ থেকে বাদশা মিয়াকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।
বাদশা মিয়া এলাকায় ” গাছের বন্ধু ” নামে বেশী পরিচিত। ইষ্টার্ন ব্যাংক,রংপুর শাখা ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, ” দিনমজুর হয়েও নিজের অভাবকে উপেক্ষা করে বাদশা মিয়া যে ভালবাসা ও মমতা দিয়ে গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন আমাদের কর্তৃপক্ষের নজরে আসলে তাঁকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইষ্টার্ন ব্যাংক পিএলসি বিশ্বাস করে,সমাজ বদলাতে হলে বাদশা মিয়ার মত নীঃস্বার্থ মানুষদের মূল্যায়ণ করা প্রয়োজন।”
Leave a Reply