বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

এদেশের মানুষের ভালোবাসা ও দোয়ায় অসুস্থ বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন : জয়নুল আবদিন ফারুক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ সময় দেখুন

ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, এদেশের মানুষের ভালোবাসা ও দোয়ায় অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

 

সাবেক এই চিফ হুইপ বলেন, “এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, আমরা সত্যিই আপ্লুত। মানুষের ভালোবাসা ও দোয়ায় বেগম জিয়া অবশ্যই সুস্থ হয়ে উঠবেন, ইনশাল্লাহ। এই সংকটকালীন সময়ে দেশ ও গণতন্ত্রের জন্য তার উপস্থিতি অত্যন্ত জরুরি।”

 

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, সেখানে যেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশের মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে পারেন—এর জন্য সবাই দোয়া করবেন।”

 

তিনি স্মৃতিচারণ করে উল্লেখ করেন, স্বৈরাচার এরশাদের শাসনামলে আইন-শৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে বেগম জিয়া দীর্ঘ ৯ বছর সংগ্রাম চালিয়ে এরশাদের পতন ঘটিয়েছিলেন। এরপরও জিয়া পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই তাদের মাথা নত করতে পারেনি।

 

বিএনপিকে ভাঙার বহু চেষ্টা অতীতেও হয়েছে উল্লেখ করে ফারুক বলেন, “মইনুদ্দিন–ফখরুদ্দিন সরকার বিএনপিকে চিরতরে বিদায় করে কিংস পার্টি তৈরি করতে চেয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়ার আপসহীনতার কাছে তারা পরাজিত হয়েছে।”

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। “১০ হাজার কিলোমিটার দূর থেকে থেকেও তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। শেখ হাসিনার শাসনামলে নানা জুলুম-নির্যাতনের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা তার নেতৃত্বে লড়াই চালিয়ে যাচ্ছে,” বলেন ফারুক।

 

দোয়া মাহফিলে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডক্টর আনিসুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজুল সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন,বিএনপি নেতা খন্দকার আকবার হোসেন বাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর