বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগের আস্তিনের নিচে ১৫ বছর রাজনীতি করেছে জামায়াত : নাজমুল হাসান অভি

শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪৯৪ সময় দেখুন

শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ১০ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১০ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লব দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকার ধামরাইয়ে একটি র‍্যালি ও সমাবেশ আয়োজন করা হয়। ধামরাই বাজার রথখোলা থেকে শুরু হয়ে ঢুলিভিটায় র‍্যালি শেষ হয়। এতে বিপুল সংখ্যক নারীসহ হাজারো নেতাকর্মী অংশ নেন।

 

সমাবেশে নাজমুল হাসান অভি বলেন, গত ১৫ বছর ৭ মাস নির্যাতিত হয়ে, নিপিড়নে জর্জরিত হয়ে সাধারণ মানুষকে বন্দি জীবনযাপন করেছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী লাখ লাখ মামলা নিয়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরেছি। তখন কিন্তু আমরা এই ইসলামি মূল্যবোধের তথাকথিত বিশ্বাসী জামায়াতে ইসলামী বাংলাদেশের কোনো মানুষকে আমরা রাস্তায় দেখিনি। এখন তারা বলে যে ক্ষমতায় যাওয়ার জন্য যদি আঙুল বাঁকা করতে হয় তাও তারা বাঁকা করে ঘি খাবে।

 

তিনি বলেন, আপনারা কি বলতে পারেন ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা কি ছিল? আপনারা কি বলতে পারেন ১৯৪৭ সালে জামায়াতে ইসলামীর ভূমিকা কি ছিল? বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে, পাকিস্তান প্রতিষ্ঠার পেছনে প্রত্যেকবার জামায়াতে ইসলামী বিরোধিতা করেছে। আজকে ২৪ এর আগস্টের বিপ্লবে তারা ৫ আগস্টের পর নিজেদের তারা বাংলাদেশের সর্বোচ্চ নীতিনির্ধারক হিসেবে আবির্ভূত করার চেষ্টা করছেন।

 

তিনি আরও বলেন, ১৫ বছর আমরা আপনাদের দেখেছি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের আস্তিনের নিচে বসে আপনারা সংগঠন চালিয়েছেন। আজকে আপনারা বলছেন, নৌকা দেখেছেন, ধানের শীষ দেখেছেন, এবার দাঁড়িপাল্লা দেখেন। আপনাদের মানুষ দেখেছে ১৯৪৭ সালে, আপনাদের মানুষ দেখেছে ১৯৭১ সালে, আপনাদের মানুষ দেখেছে ১৯৯০ সালে, আপনাদের মানুষ দেখতে চায় না।

 

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে নাজমুল হাসান অভি বলেন, আপনারা প্রত্যেকবারই ক্ষমতার ভাগ নিয়েছেন। এরশাদের সময় আপনারা ভাগ নিয়েছেন, চারদলীয় ঐক্যজোটে থেকে আপনারা ভাগ নিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে থেকে আপনারা ভাগ নিয়েছেন। সুতরাং বাংলাদেশের মানুষ আপনাদের আর আপনাদের দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এখন ধানের শীষ দেখতে চায়।

 

এ সময় তিনি ঢাকা-২০ ধামরাই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে দল তাকে মনোনয়ন দেবে বলে আশা প্রকাশ করেন। এছাড়াও দল যাকেই মনোনীত করুক, স্বেচ্ছাসেবক দলের সব নেতাকর্মী ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মক ভূমিকা পালন করবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

সমাবেশের আগে আয়োজিত র‍্যালীতে ধামরাই উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

 

ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন, । এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, মোফাজ্জল হোসেন টিপু, রাশেদুল ইসলাম রাজু, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ঢাকা জেলা সেচ্ছাসেবক সদস্য সাইদুর রহমান জনি, সোহেল মাদবর সহ আরও অনেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর