ঢাকা, ২১ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হওয়ার পর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষকরা অবশেষে আন্দোলন প্রত্যাহার করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০২৬ সালের ১ জুলাই থেকে তা ১৫ শতাংশে উন্নীত করার বিষয়ে সম্মতি দিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের এ ঘোষণার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি। তিনি বলেন, “সরকারের প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ায় আমরা আন্দোলন প্রত্যাহার করছি। আগামীকাল থেকেই শ্রেণিকক্ষে ফিরে যাব।”
এর আগে গত রোববার (১৯ অক্টোবর) সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছিল। তবে শিক্ষকরা তা পর্যাপ্ত নয় বলে দাবি করে রাজপথে অবস্থান অব্যাহত রাখেন।
আন্দোলনের অংশ হিসেবে তারা আমরণ অনশন এবং কালো কাপড় বেঁধে মিছিল কর্মসূচি পালন করেন। অবশেষে সরকারের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি হওয়ার পর শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিক্ষকরা বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসন এবং জাতীয়করণের দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন।
শিক্ষক নেতাদের প্রত্যাশা, সরকারের আশ্বাস বাস্তবায়ন হলে ভবিষ্যতে আর আন্দোলনে যেতে হবে না। আন্দোলন প্রত্যাহারের ফলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply