বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সরকার চাইলে পদ ছেড়ে দিতে প্রস্তুত, তবে নিজ থেকে পদত্যাগের কোনো পরিকল্পনা নেই : শিক্ষা উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫৬ সময় দেখুন

ঢাকা, ২৩ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরাব বলেছেন, সরকার যদি মনে করে তার দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল, তাহলে তিনি পদ ছেড়ে দিতে প্রস্তুত। তবে তিনি নিজে থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা রাখেন না, এমনকি নিজের দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা ছিল বলেও মনে করেন না।

 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকার যদি মনে করেন আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। সেখানে আমার নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। কারণ, আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কিছু নেই।’

 

উল্লেখ্য, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের প্রাণহানি ও সৃষ্ট ক্ষোভের প্রেক্ষিতে মঙ্গলবার শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করে। এর পরপরই শিক্ষাসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এই প্রেক্ষাপটে শিক্ষা উপদেষ্টার অবস্থান নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকম অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝানোর চেষ্টা করেছি। ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়ম-কানুন আছে, সেটাই অনুসরণ করা হয়েছে।’

 

শিক্ষাসচিবের অব্যাহতি বিষয়ে তিনি বলেন, ‘এটা উচ্চতর কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে প্রশ্নের উত্তর আমি দিতে পারব না।’

 

পদত্যাগ করবেন কি-না এমন প্রশ্নে কিছুটা ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, ‘আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে, কিন্তু নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। আমার তো নিয়োগপত্রও রয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের ঘটনাগুলোর পরম্পরা বললাম, এখন ঠিক-বেঠিক আপনি-আপনারা বিচার করবেন। সরকার যদি মনে করে আমাকে সরিয়ে দেওয়া দরকার, তাহলে আমি নিশ্চিন্তে চলে যাব।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর