বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

এনসিপি ৪৩ হাজার পৃষ্ঠার নথি দিয়েও ইসির প্রাথমিক বাছাইয়ে টেকেনি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৬৬ সময় দেখুন

ঢাকা, ১৫ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৪৩ হাজার পৃষ্ঠার নথিসহ আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কিন্তু ইসির নিবন্ধন শর্ত পূরণ না হওয়ায় প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি তরুণদের নিয়ে নবগঠিত দলটি। আজ মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এসব তথ্য জানান।

 

গত ২২ জুন পর্যন্ত এনসিপিসহ ১৪৪টি রাজনৈতিক দল ইসির নিবন্ধনের জন্য আবেদন করেছিল। কিন্তু নানা ত্রুটিবিচ্যুতির জন্য প্রাথমিক বাছাইয়ে কোনোটিই টেকেনি। ত্রুটি সংশোধনের জন্য চিঠি দেবে ইসি।

 

অতিরিক্ত সচিব বলেন, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে দেয়া হবে অন্য দলগুলোকেও। নিবন্ধন সব শর্ত পূরণের জন্য যেসব ত্রুটিবিচ্যুতি আছে, তা সংশোধনের জন্য ১৫ দিন সময় দেওয়া হবে, এর মধ্যে পূরণ করতে হবে দলগুলোকে।

 

গত ২২ জুন শেষ দিনে আবেদন জমা দিয়েছিল এনসিপি। নিবন্ধন শর্ত পূরণ করতে যেসব কাগজপত্র প্রয়োজন, এমন ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার নথিপত্র ট্রাকে করে নিয়ে আবেদনপত্রের সঙ্গে নির্বাচন ভবনে জমা দেয় দলটি। কিন্তু নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি তারা। এখন এনসিপিকে ইসির চাহিদামতো ত্রুটিবিচ্যুতি সারাতে হবে।

 

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয়, তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তা ট্রাকে করে নিয়ে ইসিতে জমা দিয়েছি। আমাদের প্রতিনিধি দল ভেতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দিয়েছে।’

 

নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধনের শর্তগুলো হলো:

 

১. দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।

 

২. কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়।

 

৩. সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে।

 

৪. দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে।

 

আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন তা যাচাই-বাছাই শুরু করে। নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীকসহ নিবন্ধন সনদ দেওয়া হয়। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর