মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

নিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় মোতায়েন ১০১ প্লাটুন বিজিবি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মোট ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি আধুনিক প্রযুক্তির ওপর জোর দিয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা কঠোরভাবে কাজ করছেন। শিল্পাঞ্চলসহ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও অন্যান্য সংবেদনশীল স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আজ মঙ্গলবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাঠপর্যায়ের সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের উদ্দেশ্যে বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল খোলা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও চিত্র এই সেলের মাধ্যমে কর্মকর্তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। মাঠের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের গাফিলতি না রেখে প্রযুক্তিনির্ভর এই নজরদারি নিয়মিত অব্যাহত রাখা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও তারা সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর