মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩৪ সময় দেখুন

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী (২) শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

ডিসেম্বরে তার (শেখ হাসিনার) দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও রাজপথে নতুন করে সহিংসতা দেখা দেওয়ার মধ্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে শেখ হাসিনা সেখানেই অবস্থান করছেন। তাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণের চেষ্টা করছে ঢাকা। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নয়াদিল্লি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে আশা করছে সরকার।’

গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে।

বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তার দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে। এরপর তার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। জাতিসংঘের হিসাবে, ওই আন্দোলন ও সহিংসতায় ১ হাজার ৪০০ জন পর্যন্ত নিহত হয়েছেন।

২০২৪ সালের আগস্টে পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে শেখ হাসিনা ঢাকা ছেড়ে ভারতে চলে যান। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। তবে সরকার তার এসব আবেদন প্রত্যাখ্যান করেছে।

রোববার (২২ নভেম্বর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হবেন। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান জানাক এবং একজন দণ্ডিত আসামি হিসেবে তাকে বাংলাদেশের কাছে ফেরত দিক। এরপর আইন তার নিজস্ব গতিতে চলবে। তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ঘিরে আওয়ামী লীগের সমর্থকেরা রাজপথে সক্রিয় হয়েছেন। চলতি মাসে দলটি শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে এক সপ্তাহের বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। ১৯ নভেম্বর দেশজুড়ে সর্বাত্মক অবরোধের মধ্য দিয়ে ওই কর্মসূচি শেষ হয়।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

শামা ওবায়েদ এসব সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া’ দলের টিকে থাকার কৌশল বলে অভিহিত করেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থ অক্ষুণ্ন রেখে দুই দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ।’

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের ক্ষেত্রে ভারত কী ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়, তা ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে।’

এদিকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন নিয়ে প্রতিবেশী মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়াচ্ছে ঢাকা।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) সম্প্রতি এক রায়ে বলেছে, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর চালানো ব্যাপক হত্যাকাণ্ড ও যৌন সহিংসতা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যার শামিল।

তবে আইসিজের এ রায়ের সমালোচনা করেছে মিয়ানমার। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূলে এলেই কেবল রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর