বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্রে হামলার পরিকল্পনার অভিযোগ উড়িয়ে দিল ইরান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রাসায়নিক অস্ত্র বা তেজস্ক্রিয় পদার্থবাহী ‘ডার্টি বোমা’ দিয়ে হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে যে খবর ছড়িয়েছে, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ ধরনের অভিযোগকে ‘ভিত্তিহীন প্রচারণা’ হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, ইরানকে ঘিরে নতুন করে যুদ্ধের পরিবেশ তৈরির লক্ষ্যেই এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এসব প্রচারণা আর কেউ বিশ্বাস করছে না।’। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য হামলায় তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে সক্ষম ‘ডার্টি বোমা’ অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় থাকতে পারে।

আরাগচি অভিযোগ করেন, গত ৭২ ঘণ্টায় ইসরাইলপন্থি হিসেবে পরিচিত কয়েকটি সংবাদমাধ্যম পরিকল্পিতভাবে ইরানবিরোধী প্রচারণা চালাচ্ছে। এর মধ্যে ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা এবং বাঁধের নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরির মতো মনগড়া ইস্যু সামনে আনা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরাক যুদ্ধের সময়কার পরিস্থিতির মতো এবারও ইসরাইলের সংশ্লিষ্টতায় ভুয়া প্রচারণা চালানো হচ্ছে, যা বর্তমানে আর কারো বিশ্বাসযোগ্য নয়। বিশেষ করে এর পেছনে যখন ইসরাইলের সংশ্লিষ্টতার ছাপ রয়েছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও একই সুরে সিএনএন ও নিউইয়র্ক টাইমসের মতো কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন। তিনি মনে করেন, নতুন এই উসকানির মাধ্যমে জনমত গঠন করে যুদ্ধের পক্ষে পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এই অভিযোগগুলোকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে বলেছেন, এসব ভিত্তিহীন তথ্যের আড়ালে ভবিষ্যতে কোনো আগ্রাসনের বৈধতা খোঁজার চেষ্টা করা হচ্ছে। ইরান যে কোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে অবৈধ মনে করে বলেও নিশ্চিত করেছে জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী মিশন। সূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি, সিএনএন, রয়টার্স ও ডয়চে ভেলে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ১৬ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে সাতজন মার্কিন কর্মকর্তার বরাতে দাবি করা হয়, গোয়েন্দা সংস্থাগুলো এমন কিছু তথ্য পেয়েছে যা থেকে ধারণা করা হচ্ছে ইরান ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার ছক কষছে।

এতে তেজস্ক্রিয় বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের আশঙ্কার কথা উল্লেখ করা হয়।

তবে প্রতিবেদনেই স্বীকার করা হয়েছে যে, গোয়েন্দাদের হাতে আসা এসব তথ্য এখনই আসন্ন হামলার চূড়ান্ত প্রমাণ নয়। বরং এটি সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প নিয়ে ইরানের চিন্তাভাবনার প্রতিফলন হতে পারে কি না, তা নিয়ে খোদ মার্কিন কর্মকর্তাদের মধ্যেই মতভেদ রয়েছে।

ওয়াশিংটনের নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে কয়েক দফা বৈঠক করলেও হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস জানিয়েছেন, বর্তমানে দেশের অভ্যন্তরে কোনো বিশ্বাসযোগ্য হামলার হুমকি নেই। তবে প্রশাসন সব ধরনের পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখছেন এবং সতর্ক করেছেন যে, এ ধরনের কোনো হামলা হলে ইরানকে নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের হামলা আসন্ন নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আপাতত ওয়াশিংটনে বড় ধরনের কোনো হুমকির আশঙ্কা নেই, তবে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কর্তৃপক্ষ পূর্ণ মাত্রায় সতর্ক রয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা কমানোর কূটনৈতিক আলোচনার মধ্যেই নতুন এই অভিযোগ-পাল্টা অভিযোগের ঘটনা সামনে এল। তবে এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্র বা ডার্টি বোমা হামলার কোনো বাস্তব প্রস্তুতি কিংবা স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি। দুই দেশের মধ্যে এই রাজনৈতিক উত্তজনা এখন আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ট্রাম্পের সতর্কবার্তা, ইরানের পাল্টা জবাব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর