বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

পাইলটসহ আকাশে উড়ল চীনের প্রথম বাণিজ্যিক বৈদ্যুতিক উড়োজাহাজ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৭ সময় দেখুন

প্রথাগত জ্বালানি তেলের পরিবর্তে বিদ্যুৎ শক্তিতে চালিত বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজ তৈরির পথে বড় সাফল্য পেয়েছে চীন। দেশটির কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক) কর্তৃক উদ্ভাবিত ১০ মেট্রিক টন শ্রেণির প্রথম বাণিজ্যিক বৈদ্যুতিক বিমান ‘সিই-২৫এ’ গত শনিবার প্রথমবারের মতো পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে আয়োজিত এই পরীক্ষায় দুজন পাইলট এবং একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার অংশ নেন। উড্ডয়ন শেষে কোম্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি উড্ডয়নকালীন সময়ে স্বাভাবিক কার্যক্রম প্রদর্শন করেছে এবং পরীক্ষার সব ফলাফল প্রত্যাশামাফিক পাওয়া গেছে। কোম্যাক এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজটি স্বাভাবিকভাবে কাজ করেছে এবং পরীক্ষার সব ফলাফলই প্রত্যাশামাফিক হয়েছে।

পরীক্ষামূলক উড্ডয়নের বিস্তারিত তথ্য অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড স্থায়ী ছিল। এর মধ্যে বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে অবস্থান করে ৬০ দশমিক ৪ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম হয়। সিই-২৫এ মডেলের এই বিমানটি মূলত এক শহর থেকে অন্য শহরে সর্বোচ্চ ১৯ জন যাত্রী নিয়ে যাতায়াতের উপযোগী করে নকশা করা হয়েছে। বিমানটির ওড়ার সক্ষমতা ও প্রযুক্তির সমন্বয় ঘটাতে এর ডানায় বিশেষ বৈদ্যুতিক পাখা চালনা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এটি ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং একবার চার্জে টানা ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।

বাণিজ্যিক ব্যবহারের লক্ষ্যে বিমানটি তৈরির ক্ষেত্রে চীনের বড় যাত্রীবাহী বিমানের জন্য প্রযোজ্য ‘সিসিএআর-২৫’ উড্ডয়নযোগ্যতা নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। কোম্যাকের পাশাপাশি এই প্রকল্পের সাথে যুক্ত রয়েছে চীনের খ্যাতনামা ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল), সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু দেশীয় অংশীদার প্রতিষ্ঠান। বাণিজ্যিকভাবে আকাশপথে সেবা দেওয়ার আগে এই উড়োজাহাজটির জন্য প্রয়োজনীয় সনদ গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। কোম্যাক জানিয়েছে, চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সনদের জন্য তাদের আবেদন গ্রহণ করেছে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বিমানটি চালকবিহীন অবস্থায় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছিল। মূলত তৈরির বিভিন্ন পর্যায়ে কোনো পাইলট ছাড়াই বিমানটি মোট ১৯টি পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। চালকবিহীন উড্ডয়নের সেই ধারাবাহিক সফলতার পরই এবার পাইলটসহ উড্ডয়নে সফলতা পেল কোম্যাক। এটি চীনের এভিয়েশন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে স্বল্প দূরত্বের বাণিজ্যিক বিমান চলাচলে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বাণিজ্যিক সেবায় যুক্ত হওয়ার আগে উড়োজাহাজটিকে অবশ্যই এই অনুমোদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর