হেলথ ডেস্ক, ১৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের (১৭ নভেম্বর) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন রোগী। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৩৭ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫০৭ জন প্রাণ হারিয়েছেন। মাসভিত্তিক পরিসংখ্যান বলছে, নভেম্বরের প্রথম ১৬ দিনে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অক্টোবরে ১৭৪, সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং বছরের প্রথম দুই মাসে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।
বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জনে। এদের মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৪৪ জন ঢাকা বিভাগে চিকিৎসাধীন। এছাড়া বরিশালে ৩০৮, চট্টগ্রামে ২৯৭, খুলনায় ২৬৭, রাজশাহীতে ১২৩, ময়মনসিংহে ৫৭, রংপুরে ৩৮ এবং সিলেটে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
Leave a Reply