বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

পশ্চিম তীরে সহিংসতা ও গাজার সংকট নিয়ে উদ্বিগ্ন জাপান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা এবং তীব্র শীত ও বন্যার কারণে গাজায় মানবিক পরিস্থিতির যে ভয়াবহ অবনতি ঘটেছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি টোকিও তাদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

সোমবার ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে এক টেলিফোন সংলাপে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এই উদ্বেগের কথা জানান। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলাপকালে দুই নেতা ফিলিস্তিনের বর্তমান সংকট ও উত্তরণের উপায় নিয়ে বিশদ আলোচনা করেছেন। সূত্র: জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়, আনাদোলু এজেন্সি ও মিডল ইস্ট মনিটর।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে মোতেগি বলেন, ফিলিস্তিনের উন্নয়নে পূর্ব এশীয় সহযোগিতা সম্মেলন বা সিইএপিএডি এবং জেরিকো কৃষি-শিল্প পার্কের মতো উদ্যোগগুলোতে জাপানের সহায়তা চলমান থাকবে। পাশাপাশি গাজার পুনর্গঠনে জাপান সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি আশ্বাস দেন।

গাজার পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত করতে জাপানি পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সংস্থা ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি) সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রস্তাব দিয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক সংকট নিরসনেও জাপান পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

পশ্চিম তীর ও গাজার জন্য সম্প্রতি অনুমোদিত মানবিক সহায়তার বিষয়টি উল্লেখ করে মোতেগি জানান, এই সহায়তা প্যাকেজের আওতায় জরুরি স্বাস্থ্যসেবা, সড়ক ও ভূমি উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করা হবে।

ফিলিস্তিনে নির্বাচনের বিষয়ে জাপানের অবস্থান তুলে ধরে মোতেগি সংসদীয় নির্বাচন পিছিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন। তিনি দ্রুত অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের ওপর জোর দেন। এ সময় তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করে আন্তর্জাতিক মহলে এসব সংস্কারের গুরুত্ব তুলে ধরার পরামর্শ দেন।

জবাবে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা গাজা ও পশ্চিম তীরের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। তিনি নির্বাচন স্থগিতের কারণ এবং ভোট আয়োজনের প্রস্তুতির পাশাপাশি প্রশাসনিক সংস্কারের অগ্রগতি সম্পর্কে জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

টেলিফোন আলোচনার শেষে মধ্যপ্রাচ্যের সামগ্রিক শান্তি বজায় রাখতে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন দুই নেতা। এছাড়া যত দ্রুত সম্ভব জাপান-ফিলিস্তিন উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ আয়োজনের ওপরও জোর দেওয়া হয়েছে। আলোচনায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিও উঠে আসে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর