শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

স্বৈরাচারকে এ দেশে রাজনীতি ও সন্ত্রাসের সুযোগ নেই: আইনমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩২ সময় দেখুন

অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারী কোনো শক্তির এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ আমরা কোনো এক্সট্রা জুডিসিয়াল কিলিংয়ের পথ ধরে হাঁটি নাই।

আইনমন্ত্রী আরও বলেন, যারা বোমা হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার অপচেষ্টা করছেন, তারা সম্ভবত বাংলাদেশের বর্তমান মানুষকে এখনো ভালোভাবে চিনতে পারেননি। তিনি জানান, দেশের মানুষ এমন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেবে না। বোমা হামলার প্রতিটি ঘটনায় ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে এবং এসব ঘটনার পেছনে কারা জড়িত, সে সম্পর্কে সরকারের কাছে পর্যাপ্ত তথ্য-উপাত্ত রয়েছে।

বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের পথ অনুসরণ করে না। এছাড়া অতীতে পুলিশ বাদী হয়ে যে মিথ্যা মামলা করার সংস্কৃতি ছিল, তা থেকেও বর্তমান সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সরকারের কাজের নেতিবাচক দিক থাকলে তা যেমন প্রকাশ করা যাবে, তেমনি ভালো কাজগুলোও জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। এমনকি মন্ত্রীর নিজের কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো নেতিবাচক প্রতিবেদন হলেও তা প্রকাশে কোনো আপত্তি নেই বলেও তিনি জানান। আইনমন্ত্রী বলেন, ওভারনাইট যদি মনে করেন যে, আমরা সব চেঞ্জ করে ফেলতে পারব, সেটা যেমন সম্ভব না, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো রকম আমাদের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন।

সাংবাদিকতার পেশাগত মর্যাদা ধরে রাখার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হতে হবে। সত্যের পথে থেকে অন্যায়ের পাশাপাশি মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সাংবাদিকতা মানুষের ভরসার জায়গা। যখন কেউ অন্য কোথাও প্রতিকার পায় না, তখন তারা গণমাধ্যমের শরণাপন্ন হয়। সেই আস্থার জায়গাটি যেন বজায় থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী মো. রাশেদ খাঁন। ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর