কুষ্টিয়া, ১৩ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নুসরাত তাবাসসুম নিজে দৌলতপুর থানায় উপস্থিত হয়ে এই মামলার এজাহার জমা দেন। এ ঘটনায় নুসরাত তাবাসসুমের পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তের স্বার্থে আসামিদের নাম এখনই প্রকাশ করা সম্ভব নয়, তবে অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। এ সময় তারা বসতঘর, উঠান ও আশেপাশের এলাকায় আগুনের লেলিহান শিখা দেখতে পান। পরিবারের সদস্যদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও দৌলতপুরে নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘর থেকে বেরিয়ে তাঁরা দেখেন, বসতঘর, উঠান ও আশপাশের সবকিছুতে আগুন জ্বলছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণেই একটি চক্র নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারের ওপর ক্ষুব্ধ ছিল। আসামিরা দীর্ঘদিন ধরে তাদের হত্যার পরিকল্পনা ও ফেসবুকে অপপ্রচার চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তাঁর মা মোছা. জহুরা খাতুন ও বাবা আব্দুল হালিমকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের আটজন নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
আগুনে বাড়ির এক-তৃতীয়াংশ আসবাবপত্র, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়েছে। এ ছাড়াও গোয়ালঘরে থাকা তিনটি ছাগল পুড়ে মারা গেছে। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় সংসদ অধিবেশনের কাজে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ঢাকায় অবস্থান করছিলেন। এতে তাঁর আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
Leave a Reply