শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সফটওয়্যার জটিলতায় প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৭ সময় দেখুন

ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সফটওয়্যারজনিত জটিলতায় দেশের প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বর্তমানে লক অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তবে এই অচলাবস্থা কবে নাগাদ পুরোপুরি দূর হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেনি কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, নাগরিকদের আঙুলের ছাপের মান কমে যাওয়া কিংবা অন্য কারো আঙুলের ছাপের সঙ্গে হুবহু মিলে যাওয়ার মতো কারিগরি সমস্যার কারণে এনআইডিগুলো লক হয়ে গেছে। এছাড়া দ্বৈত ভোটার হওয়া, আদালতের সুনির্দিষ্ট আদেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধের পরিপ্রেক্ষিতেও অনেক নাগরিকের এনআইডি লক করা হয়েছে।

দ্বৈত ভোটার হওয়ার কারণে যাদের কার্ড লক হয়েছে, তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হচ্ছে। এক্ষেত্রে সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডিটি বহাল রেখে পরবর্তী সময়ে নেওয়া পরিচয়পত্র বাতিল করে দিচ্ছে ইসি। তবে প্রতিটি ক্ষেত্রেই চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নতুন সফটওয়্যার তৈরির কার্যক্রম চলমান রয়েছে। এটি পুরোপুরি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই এসব জটিলতার সমাধান দেওয়া সম্ভব হবে। বর্তমানে যারা সরাসরি কমিশনের সঙ্গে যোগাযোগ করছেন, তাদের বিষয়গুলো যাচাই করে এনআইডি আনলক করে দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তবে সমস্যা সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর