শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

ট্রাইব্যুনালে নেওয়ার সময় হাতকড়া পরতে আপত্তি জানালো জিয়াউল আহসান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৪ সময় দেখুন

ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে। ট্রাইব্যুনালে নেওয়ার সময় হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান তিনি। পরে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামানোর আগে পুলিশ সদস্যরা তার হাতে হাতকড়া পরাতে গেলে তিনি আপত্তি জানিয়ে বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

এ নিয়ে প্রিজনভ্যানের ভেতরে পুলিশ সদস্যদের সঙ্গে কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কয়েক মিনিট পর হাতকড়া ছাড়াই তাকে নামান পুলিশ সদস্যরা। পরে তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

দুপুর ১টা ৫৮ মিনিটে জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাসে তোলা হয়। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

এদিন দুপুর দুইটার পর ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলায় গ্রেপ্তার অপর ১০ আসামিকেও আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রুপা।

এর আগে গত ১ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে সাবেক আইজিপি শহীদুল হক অসুস্থ থাকায় প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় শেখ হাসিনাসহ যেসব আসামি পলাতক রয়েছেন, তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করেও সন্ধান পায়নি বলে জানায়। এ-সংক্রান্ত নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। এরপর ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক ঘোষণা করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের পক্ষ থেকে মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞের অভিযোগ আনা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর