বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২০ সময় দেখুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে কারা থাকতে পারে, তা নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঘটে যাওয়া এই ভয়াবহ হামলার পর তিনি সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

নুসরাত তাবাসসুম জানান, সিসিটিভি ফুটেজ অনুযায়ী রাত ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডের দিকে তার বাড়িতে পরপর চারটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনার ধরন ও পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি দাবি করেন, এটি পেট্রল বোমা হামলার ঘটনা। তবে বিষয়টি চূড়ান্তভাবে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন, মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরন-ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে বাড়িটিতে হামলা হয়েছে তা পরিত্যক্ত কোনো স্থাপনা নয়। এটি তার পৈতৃক বসতভিটা, যেখানে তিনি বড় হয়েছেন। বর্তমানে বাড়িটি দেখভালের দায়িত্বে একটি অসহায় পরিবার ছিল এবং সেখানে তার গবাদিপশুর খামারসহ আত্মীয়-স্বজনরা থাকতেন। হামলায় ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং গবাদিপশুগুলো মারা গেছে। এই এমপি বলেন, এ বাড়িটি একেবারেই পরিত্যক্ত নয়। এ বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকতেন, যারা আমাদের সঙ্গে প্রায় পাঁচ ছয় বছর ধরে আছেন। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন।

পুলিশি তৎপরতা নিয়ে হতাশা প্রকাশ করে সংসদ সদস্য জানান, ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা দেরি করে। ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো আলামত সংগ্রহের কাজ শেষ করতে পারেনি। এছাড়া স্থানীয় পর্যায়ে দমকল বাহিনী না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে চরম বিলম্ব হয়, যার ফলে বাড়িটির প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। তার ভাষ্য, পুলিশের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা পাহারা দিয়েছে, যদিও এখনো আলামত সংগ্রহ করতে পারেননি এবং ঘটনার প্রায় ১২ ঘণ্টা হয়ে গিয়েছে। এই নেত্রী বলেন, মানুষ মনে করে সংসদ সদস্য যারা রয়েছেন কিংবা নীতি-নির্ধারণী পর্যায়ে যারা থাকেন, তারা হয়তো অনেক বেশি বিশেষ। পুলিশকে খবর দেওয়ার পর তারা আসতে আনুমানিক একটা বেজেছে, অর্থাৎ ঘটনার এক ঘণ্টা পর এসেছে বলে জানান নুসরাত।

হামলার দায়ভার নিয়ে নুসরাত বলেন, ঘটনার আগে তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছিলেন। ঘটনার পর ওই চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে দায় স্বীকার করে উল্লাস প্রকাশ করছে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি মনে করেন এটি আওয়ামী লীগেরই কাজ। স্থানীয় এলাকাবাসীকে তিনি কোনোভাবেই সন্দেহ করছেন না বলে জানান।

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে নুসরাত তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমি মনে করি খুনি হাসিনা একজন অত্যন্ত স্থূলবুদ্ধিসম্পন্ন মানুষ। জ্বালাও-পোড়াও এবং মানুষের বাড়িঘর পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন দেখা কোনোভাবেই যৌক্তিক নয়। এছাড়া ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং এই হামলার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিলেও তিনি আওয়ামী লীগের সংশ্লিষ্টতার প্রতি ইঙ্গিত দেন। নুসরাত বলেন, এ বাড়িতেই আমি বড় হয়েছি। আমার বাবা-মা এ বাড়িতেই তাদের সংসার করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, রাষ্ট্র এ ধরনের ঘটনায় কতটা দায়িত্ব নিতে পারে। তিনি বলেন, কেবল সংসদে দাঁড়িয়ে স্মার্ট কথা বলা বা দায় অস্বীকার করলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঢাকা যাবে না। সাধারণ মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায়, তবে দায়ীদের পদত্যাগ করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে নুসরাত বলেন, বাংলাদেশের সম্মানিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব, তিনি জানাবেন যে এই ধরনের ঘটনাতে রাষ্ট্র আসলে কতটুকু কী দায়িত্ব নিতে পারে। আমি জানিয়ে দিতে চাই, সাধারণ আর পাঁচটা মানুষের জীবন যতটা অনিরাপদ, আমাদের জীবনও ততটা অনিরাপদ।

তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের গড়িমসি না করে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। হামলার যথেষ্ট আলামত ও প্রমাণ তাদের হাতে রয়েছে। তিনি আশা করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং প্রকৃত দোষীদের শনাক্ত করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর