বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে পড়ে থাকা ‘প্রেশারকুকার বোমা’নিষ্ক্রিয় করেছে ডিএমপি বোম্ব ডিসপোজাল ইউনিট

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩১ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১২ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে পড়ে থাকা ‘প্রেশারকুকার বোমা’নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। আজ বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিকট শব্দ শোনা যায় এবং আকাশে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয় লোকজন। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশারকুকার ছিল। পরে স্থানীয় লোকজন সেটি ড্রাম থেকে বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আজ সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রেশারকুকারটি দেখে সন্দেহ হওয়ায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। দুপুর পৌনে দুইটার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা চারপাশে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে বস্তুটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর বিকাল সাড়ে তিনটার দিকে সেটি নিষ্ক্রিয় করা হয়।

বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ হয়। এ সময় ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আকাশে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে ওই ব্যক্তিদের পরিচয় বা তাঁরা কেন ড্রামটি সেখানে রেখে গেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা করিম বলেন, ‘আমাদের অনেক আগেই ওই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। অনেকক্ষণ অপেক্ষার পর বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ শুনি। পরে আকাশে ধোঁয়া উড়তে দেখি।’

আরেক বাসিন্দা সুলতানা বেগম বলেন, ‘আমাদের এলাকায় কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’

সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, সকাল আটটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা এসে বিকেল সাড়ে তিনটার দিকে বস্তুটি নিষ্ক্রিয় করেন।

এর আগে গতকাল মঙ্গলবার সাভারের দক্ষিণ শ্যামনগরে বিস্ফোরক নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের বিশেষায়িত দল। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেখান থেকে নয়টি পাইপ বোমা, পাঁচটি ককটেল এবং হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরিফ হোসেন (২৮) নামের একজনকে আটক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর