সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতা চালানোর মুরোদ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৪ সময় দেখুন

ঢাকা, ০৩ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতা চালানোর মুরোদ নেই।

তিনি বলেন, দলটি বর্তমানে নিষিদ্ধ এবং বিদেশ থেকে মাঝে মাঝে বক্তব্য দেওয়ার বাইরে তাদের উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো কার্যক্রম নিষিদ্ধ দল, মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।’

৫ আগস্টকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই সতর্ক থাকার নির্দেশনা রয়েছে। তিনি বলেন, কোনো যানবাহন যেন অরক্ষিত অবস্থায় না থাকে, দায়িত্বে থাকা সদস্যরা যেন একসঙ্গে দায়িত্বস্থল ছেড়ে না যান এবং সব সময় কেউ না কেউ দায়িত্বে থাকেন এ ধরনের নির্দেশনা সব সময়ই কার্যকর থাকে। এটিকে বিশেষ কোনো পরিস্থিতির সঙ্গে যুক্ত করার কারণ নেই।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে।’

৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে তিনি জানান, আগামীকাল সরকারের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হবে। কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ওই সভায় যুগপৎ আন্দোলনের শরিকসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন এবং প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন।

এদিকে, এনসিপির সমাবেশে হামলার ঘটনায় তদন্ত হবে কি-না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত শেষে এ বিষয়ে জানানো হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর