ঢাকা, ০২ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে ঢাকার চারপাশে নৌপথ চালু সংক্রান্ত এক সভায় রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
তিনি বলেন, সভায় ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
সভায় প্রধানমন্ত্রী নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। এ ছাড়া নদীর তীরবর্তী ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ নেওয়ারও নির্দেশনা দেন।
সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, রেলপথমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply