আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৬ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম মুজাহিদী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পীরগঞ্জ উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি ডা. আবু সাঈদ এবং পৌর যুব বিভাগের সভাপতি আব্দুল আউয়াল। এছাড়াও দলীয় নেতাকর্মী, যুব বিভাগের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকাসক্তি তরুণ সমাজের মেধা, নৈতিকতা ও কর্মক্ষমতাকে নষ্ট করে অপরাধ, সহিংসতা এবং সামাজিক অবক্ষয়ের পথ প্রশস্ত করে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, “আসুন, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে আমরা শপথ করি—নিজে কখনো মাদক গ্রহণ করব না, অন্যকে মাদক গ্রহণে উৎসাহিত করব না এবং সমাজে মাদকের ব্যবসা ও বিস্তার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাড়া-মহল্লাভিত্তিক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।”
সভায় বক্তারা মাদক নির্মূলে কার্যকর আইন প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply