সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত ও সহজভাবে উন্মুক্ত করার অনুরোধ প্রধানমন্ত্রী তারেক রহমানের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২১ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২২ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত ও সহজভাবে উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২২ জুন) পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ার সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিষয়টি উত্থাপন করেছেন। একই সঙ্গে অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশি কর্মীদের পুনরায় নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, শ্রমিক নিয়োগ প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ, ন্যায্য এবং কম খরচে হওয়া উচিত, যাতে কর্মীরা কোনো ধরনের অতিরিক্ত আর্থিক চাপের মধ্যে না পড়েন।

রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি মালয়েশিয়ার সহানুভূতি ও সহায়তার জন্য তিনি কৃতজ্ঞ। পাশাপাশি মিয়ানমারে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অব্যাহত আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আঞ্চলিক অর্থনৈতিক সংহতকরণে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে মালয়েশিয়ার সমর্থনের প্রশংসা করেন তিনি।

দ্বিপাক্ষিক আলোচনায় তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় উঠে আসে।

এর আগে সোমবার সকালে স্থানীয় সময় সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে একান্ত বৈঠকে বসেন দুই দেশের সরকারপ্রধান। বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশের প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর