বরিশাল, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহে সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই।
জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকো সিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে পারিনি এখনো। আমাদের তথ্য মন্ত্রণালয় যে আমলে গড়ে উঠেছে তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না।
তিনি আরও বলেন, বর্তমানে যে ধরনের তথ্যপ্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে উঠেনি। সরকারের নীতিনির্ধারণী সবার সাথে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করব।
এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ৬১ ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্য সরকারি কর্মকর্তারা।
Leave a Reply