মোহাম্মাদ নাদের-যুক্তরাষ্ট্র প্রতিনিধি (ইউএসএ), ২৭ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট):ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিশেষ নিরাপত্তা বার্তায় এ নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস।
নির্দেশনায় বলা হয়, যতক্ষণ বাণিজ্যিক ফ্লাইট চালু আছে, ততক্ষণই যেন নাগরিকরা ইসরায়েল ত্যাগ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।
ধারণা করা হচ্ছে, ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনা এবং এই অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক অস্থিরতার প্রেক্ষাপটেই এই আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এই অঞ্চলে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শুক্রবার ইসরায়েলের উত্তর উপকূলে মোতায়েন করা হয়েছে।
মার্কিন মিশনের তথ্যমতে, স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে ইসরায়েলে থাকা তাদের অ-জরুরি সরকারি কর্মী এবং পরিবারের সদস্যদের দেশ ত্যাগের অনুমতি দিয়েছে। বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, কোনো প্রকার আগাম ঘোষণা ছাড়াই ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকা, বিশেষ করে জেরুজালেমের ওল্ড সিটি এবং ওয়েস্ট ব্যাংকে মার্কিন সরকারি কর্মচারীদের চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। সন্ত্রাসবাদ এবং নাগরিক অস্থিরতার আশঙ্কায় মার্কিন নাগরিকদের ইসরায়েল ও ওয়েস্ট ব্যাংক ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে গাজা সীমান্ত থেকে সাত মাইলের মধ্যে এবং লেবানন ও সিরিয়া সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সেসব স্থানে ভ্রমণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া মিশরের তাবা ক্রসিং বাদে সীমান্ত এলাকাগুলোতেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply