বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন : পররাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ সময় দেখুন
ঢাকা, ০১ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, তিনি নিজে কিংবা তার স্ত্রী এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেননি।

অনুষ্ঠানে এক সাংবাদিক জানতে চান, শোনা যাচ্ছে—পররাষ্ট্র উপদেষ্টা নিজে এবং তার আরও দুজন সহকর্মী কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন। একই সময়ে কয়েকজন উপদেষ্টা বিদেশ সফরেও যাচ্ছেন।

জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘এখানেই মিসইনফরমেশন তৈরি হয়। আমি বা আমার স্ত্রী কেউই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করিনি। আমার পাসপোর্ট এখনো আমার কাছেই আছে এবং বহাল রয়েছে। দায়িত্ব পালনরত একজন পররাষ্ট্র উপদেষ্টার জন্য কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করা খুবই অস্বাভাবিক হতো।’

তবে তিনি জানান, উপদেষ্টাদের মধ্যে অনেকেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন—এটি সত্য। তার ভাষায়, ভবিষ্যতে বিদেশ যেতে হতে পারে—এমন বিষয় বিবেচনায় রেখে সময়মতো ভিসা পাওয়ার সুবিধার জন্যই তাঁরা আগেভাগে পাসপোর্ট সারেন্ডার করেছেন।

পরে ওই সাংবাদিক জানতে চান, ভিসা নেওয়া সহজ করার উদ্দেশ্যেই কি উপদেষ্টারা পাসপোর্ট সারেন্ডার করেছেন? জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি ভিসা সহজ করার নয়, বরং সময় বাঁচানোর। উদাহরণ দিয়ে তিনি বলেন, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হলেও যুক্তরাষ্ট্রের বি–১ ও বি–২ ভিসা বাতিল হয় না। তবে বিদেশ সফরের ক্ষেত্রে নতুন পাসপোর্টে ভিসা ট্রান্সফার করতে সময় লাগে। সেই সময় বাঁচাতেই অনেক উপদেষ্টা আগেভাগে কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘তবে এটি সঠিক নয় যে, আমি নিজে বা আমার পরিবার কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর