স্পোর্টস ডেস্ক, ২৫ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িকভাবে দায়িত্ব হারানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম আবারও অর্থ কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। মাত্র ১০ দিনের মধ্যেই তিনি পুনরায় অর্থ বিভাগের দায়িত্বে ফিরলেন।
গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এম নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। সভাতেই তাকে পুনরায় অর্থ বিভাগের দায়িত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক।
বৈঠক শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, “এম নাজমুল ইসলামকে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল, তার লিখিত জবাব তিনি শৃঙ্খলা বিভাগে জমা দিয়েছেন। শৃঙ্খলা বিভাগ তার জবাব সন্তোষজনক বলে জানিয়েছে।”
এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে মন্তব্যসহ বিভিন্ন বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েন এম নাজমুল ইসলাম। একপর্যায়ে ক্রিকেটারদের পারিশ্রমিক ফেরত দেওয়ার কথাও বলেন তিনি। এসব ঘটনায় ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তার পদত্যাগ দাবি করে।
পরিস্থিতি আরও ঘনীভূত হলে মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজসহ জাতীয় দলের সব ক্রিকেটার ১৫ জানুয়ারি বিপিএল বয়কটের ঘোষণা দেন। এর পরপরই বিসিবি এম নাজমুল ইসলামকে শোকজ নোটিশ দেয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়।
উল্লেখ্য, নির্ধারিত সময় পার হওয়ার পর তিনি বিসিবিতে তার ব্যাখ্যা জমা দেন। তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সরাসরি কোনো পরিচালককে অপসারণ করতে পারে না। চার বছরের জন্য নির্বাচিত কোনো পরিচালকের পদ কেবল নির্দিষ্ট কয়েকটি পরিস্থিতিতে শূন্য ঘোষণা করা যায়—যেমন মৃত্যু, মানসিক ভারসাম্য হারানো, শৃঙ্খলাজনিত শাস্তি, দেউলিয়া ঘোষণা বা টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকা।
Leave a Reply