ঢাকা, ২৫ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, `গণভোট অধ্যাদেশ-২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে। আজ অথবা কালকের মধ্যে গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে। জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ আসিফ নজরুল। প্রশ্নবহুল গণভোটে ভোটদানের বিষয়ে তিনি বলেছেন, একজন ভোটার বেশি প্রশ্নে সম্মত হলে ‘হ্যাঁ’ ভোট দেবেন, অধিকতর প্রশ্নে অসম্মত হলে ‘না’ ভোট দেবেন।
আইন উপদেষ্টা বলেন, গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে আলাদা হবে। গণভোটের ব্যালটটি ভিন্ন রঙের হবে, যাতে কেউ বিভ্রান্ত না হয়।
গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট একসঙ্গে গণনা করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ভোটদান পদ্ধতি সংসদ নির্বাচনের মতোই হবে।
জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, তারাই গণভোটের দায়িত্ব পালন করবেন বলে জানান আইন উপদেষ্টা।
গণভোটের বিষয়ে সারা দেশে আগামী দুই-তিন দিনের মধ্যে ব্যাপক প্রচারণা শুরু হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, (গণভোটের) প্রত্যেকটা প্রশ্ন যেন সব মানুষ বুঝতে পারে এ জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় থেকে আমরা প্রচারণা করব। চারটি প্রশ্ন বিবেচনা করে যদি বেশি প্রশ্নে সম্মত থাকেন, তবে ‘হ্যাঁ’ ভোট দেবেন আর অধিকতর অসম্মত হলে ‘না’ ভোট দেবেন।
‘ইনশাল্লাহ, আমরা নির্বাচনের চ্যালেঞ্জগুলো ভালোভাবে মোকাবিলা করতে পারব।’ বলেন আইন উপদেষ্টা।
Leave a Reply