শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

কোরবানির পশুর ট্রাক কোন হাটে যাবে, তা প্রতিটা ট্রাকের সামনে ব্যানারে লেখা থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন

ঢাকা, ০৪ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার রাজধানীর উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোরবানির পশুর ট্রাক কোন হাটে যাবে, তা প্রতিটা ট্রাকের সামনে ব্যানারে লেখা থাকতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

আসন্ন কোরবানির ঈদে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি ভালো রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, নিরাপত্তার স্বার্থে এবার কোরবানির প্রতিটি হাটে বিপুল সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি ইজারাদারদের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

 

তিনি বলেন, অসুস্থ পশু যেন হাটে ঢুকতে না পারে সেজন্য চেক-আপের ব্যবস্থা রাখা হয়েছে। একইসঙ্গে ক্রেতা-বিক্রেতা কেউ অসুস্থ বা আহত হলে যেন চিকিৎসা নিতে পারে, সেজন্য মেডিকেল টিম রাখা হয়েছে। সব মিলিয়ে এবারের কোরবানির ঈদের হাট ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি অত্যন্ত ভালো।

 

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা চাচ্ছি গরুর এমন একটা স্বাভাবিক দাম থাকুক যেখানে কৃষক বা খামারি লাভবান হয় এবং ক্রেতাও লাভবান হয়, যাতে উভয়ের স্বার্থ সংরক্ষিত হয় এবং কেউ ক্ষতিগ্রস্থ না হয়।’

 

তিনি বলেন, গরুর দাম যদি খুব কমে যায় তখন কৃষক বা খামারি ক্ষতিগ্রস্ত হয়, আবার দাম বেড়ে গেলে ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। তাই, আমরা চাচ্ছি এমন একটা দাম নির্ধারণ হউক যাতে দুই পক্ষ লাভবান হয়।

 

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বিকেল সোয়া ৩টায় রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন। এসময় তিনি টার্মিনালে বিভিন্ন দূরপাল্লার বাস ঘুরে ঘুরে দেখেন। তিনি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে খোঁজ-খবর নেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

 

এর আগে দুপুর ২টায় স্বরাষ্ট্র উপদেষ্টা কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

 

সেখানে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, এ পর্যন্ত ৩১টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে ৪-৫টা ট্রেন সামান্য লেট ছাড়া সকল ট্রেনই যথাসময়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। পরবর্তী সময়ে আরো ৩৫টি ট্রেন ছাড়বে। সেগুলোও যথাসময়ে স্টেশন ছেড়ে যাবে বলে আশা করছি।

 

তিনি বলেন, এবার টিকেটে কোনো রকম কালোবাজারি হয়নি। উপদেষ্টা এসময় ট্রেনে কোনো যাত্রী যাতে ছাদে উঠে যাত্রা করতে না পারে- সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ দেন ও জনগণকে সচেতন করার অনুরোধ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর