যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের পণ্য রপ্তানির ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের একটি প্রস্তাব পেশ করেছে। ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াশিংটনের দাবি, বাংলাদেশের শিল্পনীতি, রপ্তানি প্রণোদনা, উৎপাদন ক্ষমতা এবং শ্রমমান আন্তর্জাতিক প্রতিযোগিতার পরিবেশকে প্রভাবিত করছে, যা মার্কিন উৎপাদকদের অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে বাণিজ্য বিশ্লেষকদের মতে, উন্নয়নশীল একটি দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়াকে অন্যায্য বাণিজ্যিক চর্চা হিসেবে চিহ্নিত করার এই উদ্যোগটি বেশ প্রশ্নবিদ্ধ।
বিশ্ববাণিজ্যে এই ধরণের একতরফা নীতি আন্তর্জাতিক নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্য কাঠামোর পরিপন্থী। এ ধরনের ঘন ঘন শুল্কনীতির পরিবর্তন বৈশ্বিক বাজারে এক চরম অনিশ্চয়তা সৃষ্টি করে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য অত্যন্ত ব্যয়বহুল। আকস্মিক নীতি পরিবর্তনের ধাক্কা সামলানোর মতো সক্ষমতা সীমিত হওয়ায় বড় ধরণের ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশের রপ্তানিমুখী ব্যবসাগুলো।
পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ক্রমবর্ধমান। মার্কিন বাণিজ্যিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা ২০২৪ সালের ৮ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের তুলনায় বেশি। এর মধ্যে তৈরি পোশাক খাতের অবদান প্রায় ৮ দশমিক ২ বিলিয়ন ডলার। এই উচ্চ শুল্ক কার্যকর হলে মার্কিন আমদানিকারকদের ব্যয় বেড়ে যাবে, ফলে তারা বিকল্প দেশ থেকে পণ্য সংগ্রহে উৎসাহিত হতে পারে। এছাড়া মার্কিন ক্রেতারা স্থানীয় উৎপাদন খরচ কমাতে বাংলাদেশি রপ্তানিকারকদের ওপর পণ্যের দাম কমানোর চাপ সৃষ্টি করতে পারে, যা মুনাফা ও বিনিয়োগ সক্ষমতা কমিয়ে দিতে পারে।
এই প্রভাব কেবল রপ্তানি আয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তৈরি পোশাকশিল্পের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষের কর্মসংস্থান নির্ভরশীল। পরিবহন, প্যাকেজিং, ব্যাংকিং এবং সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন সহযোগী শিল্প খাত বড় ধরনের সংকটে পড়তে পারে। রপ্তানি আদেশ হ্রাস পেলে উৎপাদন খাতের পাশাপাশি পারিবারিক আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনের ওপরও নেতিবাচক চাপ সৃষ্টি হবে, যা পুরো জাতীয় অর্থনীতির ব্যবস্থাপনাকে ঝুঁকিপূর্ণ করে তুলবে।
বর্তমান পরিস্থিতি বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার ও পণ্যের বৈচিত্র্যের অভাবকে স্পষ্ট করেছে। তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো এখন সময়ের দাবি। সানেমের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ সেলিম রায়হান মনে করেন, ঝুঁকি কমাতে ওষুধ, চামড়াজাত পণ্য, জুতা, কৃষি প্রক্রিয়াজাত পণ্য এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে রপ্তানি বহুমুখীকরণ অত্যন্ত জরুরি।
এই সংকটে উত্তরণের জন্য তিনটি প্রধান কৌশল অবলম্বনের সুপারিশ করা হয়েছে। প্রথমত, তথ্য-উপাত্তের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্কের যৌক্তিকতা চ্যালেঞ্জ করতে হবে এবং দেশের স্বার্থে অনুকূল সিদ্ধান্ত আদায়ের কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। দ্বিতীয়ত, রপ্তানি পণ্য ও বাজারের বহুমুখীকরণ প্রক্রিয়াকে দ্রুততর করতে হবে। তৃতীয়ত, শিল্পকারখানার উৎপাদনশীলতা, প্রযুক্তির আধুনিকায়ন, অবকাঠামো ও শ্রমমান উন্নয়নে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন।
পরিশেষে, পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্যের এই কঠিন বাস্তবতায় বাংলাদেশকে একদিকে যেমন নিজস্ব বাণিজ্যিক স্বার্থ রক্ষা করতে হবে, অন্যদিকে অভ্যন্তরীণ অর্থনীতির সক্ষমতাও বাড়াতে হবে। টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য কার্যকর কূটনীতি, প্রয়োজনীয় সংস্কার ও রপ্তানি পণ্যের বহুমুখীকরণই এখন একমাত্র কার্যকর ভিত্তি হতে পারে।
Leave a Reply