শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জের নীলদরিয়া হতে পারে – অপার সম্ভাবনাময় অত্যাধুনিক পর্যটন কেন্দ্র

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪৫ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়নে অবস্থিত কামতা রাজ্যের রাজা নিলাম্বরের রাজ প্রাসাদের পরিখা নীল দরিয়া।

কথিত আছে, প্রায় ৯২ একর আয়তনের এক বিশাল ও গভীর জলাধার বৃত্তাকারে বেষ্টন করে রেখেছিল রাজা নীলাম্বর সেনের রাজ-অন্তঃপুর। কালের বিবর্তনে কামতা রাজ্যের সেই ঐতিহাসিক নীল দরিয়া আজ শ্বাপদসংকুল গহিন অরণ্যে পরিণত হয়েছে। কামতা রাজ্যের রাজা নীলাম্বর সেনের সুরক্ষিত ও দুর্ভেদ্য পরিখা এবং শাহ্ ইসমাইল গাজী (রহ.)-এর স্মৃতিবিজড়িত বহু প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক নীল দরিয়ায়। একসময় রাজা নীলাম্বর সেনের মর্মরখচিত সুরম্য অট্টালিকা, রাজপ্রাসাদ, নর্তক-নর্তকী, দাস-দাসী এবং বাদক-গায়কদের বাদ্যযন্ত্রের সুরে হর্ষ-আনন্দে মুখরিত থাকত রাজ-অন্তঃপুর। রাজার দোর্দণ্ড প্রতাপ, রণডঙ্কার ধ্বনি এবং অতন্দ্র প্রহরায় নিয়োজিত সৈন্যসামন্তের হুঙ্কারে প্রকম্পিত হতো সমগ্র কামতা রাজ্য।

আধ্যাত্মিকতা, পীরত্ব ও বীরত্বের আদর্শে স্মরণীয় শাহ্ ইসমাইল গাজী (রহ.)-এর মাজারটি কাটাদুয়ারে অবস্থিত। জনশ্রুতি রয়েছে, মাজারটি অলৌকিকভাবে মাত্র এক রাতেই সৃষ্টি হয়েছিল। রাজা নীলাম্বর সেন ও শাহ্ ইসমাইল গাজী (রহ.)-এর মধ্যকার ধর্মীয় সংঘাত ও যুদ্ধের ইতিহাসের সঙ্গে এ স্থানটি গভীরভাবে সম্পৃক্ত। তাঁদের মধ্যকার সেই ঐতিহাসিক সংঘাতের পরিণতিও এ স্থানকে ঘিরেই স্মরণ করা হয়।

জনশ্রুতি অনুসারে, রাজা নীলাম্বর সেনের রাজ-অন্তঃপুরকে বেষ্টনকারী বিশাল ও গভীর জলাধার থেকেই এ স্থানের নামকরণ হয়েছে ‘নীল দরিয়া’। প্রাচীনকাল থেকেই এ নামটি ইতিহাস ও ঐতিহ্যের পরিচায়ক হিসেবে পরিচিত।

আজ ২৪ নভেম্বর,মঙ্গলবার দুপুর ২টার পর ঘুরে ফিরে দেখেছি নীলদরিয়া এলাকাটি। নিজ চোখে না দেখলে বিশ্বাসই হবে না যে অপার সম্ভাবনাময় একটি ব্যতিক্রমী পর্যটন কেন্দ্র হতে পারে এই নীলদরিয়া। সঠিক উদ্যোক্তার হস্তক্ষেপে গড়ে উঠতে পারে একটি অত্যাধুনিক পর্যটন কেন্দ্র।

আধুনিক পর্যটনকেন্দ্রে রূপান্তরের প্রস্তাবনায় থাকতে পারেঃ নীল দরিয়ার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ। দ্বিতীয় কোটের ভূমিসহ ঐতিহাসিক এলাকাটি জরিপ ও প্রয়োজনীয় খননের মাধ্যমে রাজপ্রাসাদ ও দুর্গের নিদর্শন অনুসন্ধান এবং সংরক্ষণ। দর্শনার্থীদের জন্য নিরাপদ নৌবিহারের ব্যবস্থা করা যেতে পারে।

রানীর ঘাট থেকে দক্ষিণ পাড় পর্যন্ত দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা যাবে। পর্যটকদের রাত্রিযাপনের জন্য আধুনিক কটেজ ও বিশ্রামাগার নির্মাণ।
জলাধারের উভয় তীরে প্রয়োজনীয় বাঁধ নির্মাণ, পানি সংরক্ষণ এবং পরিকল্পিত বনায়নের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি। রাজা নীলাম্বর ও কামতা রাজ্যের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে যাদুঘর নির্মাণ করা যেতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর