সিলেট, ২৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করার পরিকল্পনা নিয়েছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ তথ্য জানান। তিনি জানান, অধিকাংশ সরকারি কারখানার আয়ুষ্কাল ফুরিয়ে গেছে, তাই এসবের তালিকা তৈরি করে আগামী বছরের শুরু থেকে দরপত্র আহ্বানের মাধ্যমে পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো সচল হলে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নতুন শিল্প স্থাপনে ঋণ প্রদানের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি খাতের সক্ষমতা এখনো পুরোপুরি ব্যবহৃত হয়নি। ধানের পাশাপাশি অন্যান্য কৃষিপণ্য উৎপাদনে মনোযোগ দিলে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশে উন্নীত হতে পারে। পেঁয়াজের মতো পণ্যে আমদানিনির্ভরতা কমেছে উল্লেখ করে তিনি বলেন, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে তরুণদের সম্পৃক্ত করা গেলে জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে। আবদুল মুক্তাদির বলেন, একসময় পেঁয়াজে আমদানিনির্ভরতা থাকলেও বর্তমানে দেশের চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, তিনি কেন দেশ ছেড়ে গিয়েছিলেন সেই প্রশ্নটি তাঁকেই করা উচিত। সারা দেশের মানুষের রোষের মুখে ভীত হয়ে তিনি দেশত্যাগ করেছিলেন বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি আরও বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে অল্প সংখ্যক মানুষের জমায়েত দেখলেই দলটি আতঙ্কিত হয়ে পড়ত এবং পুলিশ ও বিভিন্ন বাহিনী দিয়ে তা নস্যাৎ করত। তবে শেখ হাসিনা দেশের নাগরিক হিসেবে ফিরে এলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাঁকে যেতে হবে। বাণিজ্যমন্ত্রী স্পষ্ট করেন যে, আমরা চাই তিনি দ্রুত ফিরে আসুন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলের দমন–পীড়নের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘১৫-১৬ বছর যাবৎ বাংলাদেশের কোথাও দুই-চার শ, পাঁচ শ মানুষ এক জায়গায় জড়ো হলেই এই দল (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) এবং দলের নেতারা আতঙ্কিত হ। উনি (শেখ হাসিনা) ১৬ ডিসেম্বরই আসেন, উনি যেদিনই আসেন, চলে আসেন তাড়াতাড়ি।’। এই দেশের নাগরিক হিসেবে এই দেশে তাঁর যে প্রাপ্তি বাকি আছে আইনগতভাবে, সেটি উনি বহন করবেন এবং ভোগ করবেন।
কলেজের একাডেমিক পরিবেশ নিয়ে মন্ত্রী বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহন সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা হবে। প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউটে রূপান্তর এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাহিদ ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ সংশ্লিষ্টরা।
সফরের শেষ পর্যায়ে বাণিজ্যমন্ত্রী হজরত শাহপরান (রহ.) মাজার রোড থেকে ভাওয়াল টিলা পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ, সীমানাপ্রাচীর, রিটেইনিং ওয়াল ও ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।
Leave a Reply