মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

৩য় সমাবর্তন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৪ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২৩ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তন ২০২৭ উপলক্ষে নোবিপ্রবিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবি তৃতীয় সমাবর্তনের নতুন তারিখ ২১ তারিখ ২০২৭ এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, সমাবর্তনের পূর্বের ঘোষিত তারিখ (২৪ জানুয়ারি) সরকার ঘোষিত শব-ই বরাতের সম্ভাব্য ছুটি থাকায় মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে আগামী ২১ জানুয়ারি ২০২৭ তারিখ সমাবর্তন অনুষ্ঠানের নতুন তারিখ পূণ:নির্ধারণ করে দেয়া হয়েছে। আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতায় উল্লেখিত সময় ও তারিখে অত্যন্ত সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে এবারের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে বিশেষ কিছু আয়োজন রাখা হয়েছে। যেসব সাবেক শিক্ষার্থী ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মরণোত্তর সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপাচার্য আরও বলেন, কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পদক প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদ এবং দুটি ইনস্টিটিউটকে সমন্বিত করে একটি ইউনিট হিসেবে গণ্য করে মোট আটটি ইউনিটের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের এ পদক প্রদান করা হবে। এর মাধ্যমে মেধা ও একাডেমিক উৎকর্ষকে যথাযথভাবে মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট, অভিভাবক এবং অতিথিদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। পুরো আয়োজনজুড়ে শৃঙ্খলা বজায় রাখা এবং অংশগ্রহণকারীরা যেন নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আরও বলেন, নোবিপ্রবি এ আয়োজনে সমাবর্তনের প্রচার ও প্রসারে গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয়। এছাড়াও নোবিপ্রবির শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাফল্য ও সম্ভাবনার খবর দেশবাসীর কাছে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা আমরা সবসময় প্রত্যাশা করি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য ড. গোলাম রব্বানী নোবিপ্রবির ৩য় সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৪,২৫৯ জন শিক্ষার্থী, ২২৪ জন শিক্ষক এবং ১৯১ জন কর্মকর্তা নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানান। সভায় নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর