সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুর্লভ ও প্রত্নবস্তুর প্রদর্শনী : উপাচার্যের জাদুঘর প্রতিষ্ঠার প্রত্যাশা 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৭ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ২৩ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী সংগঠন আর্টস অ্যান্ড হেরিটেজ সোসাইটির উদ্যোগে দুর্লভ মেডেল, মুদ্রা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয়েছে ‘আর্কিওলজি ফেস্ট’। আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের চিঠি চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

আয়োজনের শুরুতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি গোলচত্বর ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে চিঠি চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করিম ফিতা কেটে প্রদর্শনীর স্টলগুলোর উদ্বোধন করেন। এ সময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

প্রদর্শনীতে বিভিন্ন সময়ের দুর্লভ মেডেল, মুদ্রা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে সুলতানি ও মুঘল আমলের মুদ্রা, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেডেল এবং মহান মুক্তিযুদ্ধের স্মারক মেডেল। এসব নিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন সময়ের ইতিহাস, ঐতিহ্য ও ঐতিহাসিক ঘটনাবলি তুলে ধরা হচ্ছে। প্রদর্শনী ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. লাবিব বলেন, ‘পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রত্নবস্তুর মধ্যে মেডেল অন্যতম। বিভিন্ন মেডেলের মাধ্যমে যুদ্ধসহ নানা ঐতিহাসিক ঘটনার স্মৃতি সংরক্ষিত থাকে। আজকের আয়োজনে সুলতানি ও মুঘল আমলের মুদ্রা, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেডেল এবং মুক্তিযুদ্ধের মেডেল প্রদর্শন করা হয়েছে। এসব সংগ্রহের মাধ্যমে দর্শনার্থীরা দেশের ইতিহাসের বিভিন্ন অধ্যায় সম্পর্কে জানতে পারবেন।’

উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করিম বলেন, ‘আজকের আয়োজন দেখে আমি সত্যিই আনন্দিত ও অভিভূত। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের আর্টস অ্যান্ড হেরিটেজ সোসাইটির এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমার জানা মতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরেই আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে। আমাদের কাছেই ঐতিহাসিক শালবন বিহার, যার ধ্বংসাবশেষের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত।’

তিনি আরও বলেন, ‘মেডেল কালেকশন সোসাইটির নিয়ে আসা দুর্লভ মেডেলগুলো দেখে আমি সমৃদ্ধ হয়েছি। বিশেষ করে ত্রিপুরা অঞ্চলের মেডেলগুলো আমাকে ব্যক্তিগতভাবে আনন্দিত করেছে। আমরা বিভিন্ন জেলায় জাদুঘর দেখতে যাই, অথচ আজ একটি জীবন্ত জাদুঘর আমাদের কাছে চলে এসেছে। এ আয়োজনের জন্য প্রত্নতত্ত্ব বিভাগ ও সোসাইটিকে ধন্যবাদ জানাই ।’

ফেস্টের আহ্বায়ক ও প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের একটি জাদুঘর প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন। প্রত্নতত্ত্ব বিভাগ শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতেও কাজ করবে। আমাদের প্রতিটি আয়োজনে একাডেমিক কার্যক্রম তুলে ধরার চেষ্টা থাকে। ফেস্টে খেলাধুলার পাশাপাশি গবেষণামূলক কাজগুলোও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরছি। আজকের মেডেলগুলো শুধু পুরস্কার নয়, প্রতিটি মেডেলের পেছনে রয়েছে একজন মানুষের ত্যাগ, তিতিক্ষা ও সংগ্রামের গল্প।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর