দেশের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন, নদীভাঙন রোধ, খাল-নদী খনন এবং সড়ক অবকাঠামো আধুনিকায়নে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই বড় অংকের উন্নয়ন বাজেট অনুমোদন করা হয়। অনুমোদিত বরাদ্দের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় করা হবে। প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে।
অনুমোদিত প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন সাতটি প্রকল্প রয়েছে। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান কাজের মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সড়কে দীর্ঘ সেতু নির্মাণ। এছাড়া জয়পুরহাট, ফরিদপুর, রাজবাড়ী, সিলেট বিভাগের চার জেলা ও বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মাধ্যমে দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে সেচ ও নিষ্কাশন সুবিধা বাড়ানো হবে। জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদী এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর এলাকায় নদীভাঙন রোধে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদী সুরক্ষা প্রকল্পও অনুমোদন পেয়েছে।
সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়, যা এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন। এর মধ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় নদী পুনঃখনন, জলবায়ু সহনশীল কৃষি ও জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন প্রকল্প রয়েছে। এছাড়াও জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, টিস্যু কালচার ল্যাবরেটরি স্থাপন এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতের মধ্যে তথ্য দপ্তরের সক্ষমতা বৃদ্ধি, মিরকাদিম গরুর সংরক্ষণ ও গবেষণা এবং রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়নের প্রকল্পগুলো উল্লেখযোগ্য। সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলজ প্রতিবেশ সংরক্ষণ প্রকল্পের পাশাপাশি মহাসড়কের ঝুঁকিপূর্ণ পুরোনো বেইলি সেতুর পরিবর্তে কংক্রিট সেতু নির্মাণের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়টি সভায় গুরুত্ব পেয়েছে। স্থানীয় সরকার ও পানি উন্নয়ন খাতের এসব প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হলে গ্রামীণ অর্থনীতি ও কৃষি খাতে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন এবং দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে এই সভায়।
Leave a Reply