বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

রাজনীতি সঠিক না থাকলে কেবল দলীয় শক্তি দিয়ে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকা যায় না : জহির উদ্দিন স্বপন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩২ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দলীয় নীতি-আদর্শ মেনে সঠিক রাজনৈতিক চর্চার মধ্য দিয়েই দলকে শক্তিশালী করতে হবে। রাজনীতি সঠিক না থাকলে কেবল দলীয় শক্তি দিয়ে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকা যায় না, শেখ হাসিনার পতন আমাদের চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশ ও সেনাবাহিনীতে শান্তি-সংহতি ফিরে আসে। সেই সংহতির পথ ধরেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।’

দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণের পাশাপাশি সঠিক রাজনৈতিক চর্চার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধু আওয়ামী লীগের বিরোধিতা করার জন্যই বিএনপির জন্ম হয়নি। বরং বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, ব্যর্থ ও অযোগ্য নেতৃত্ব এবং নৈরাজ্য থেকে দেশ-জাতিকে রক্ষা করে একটি স্থিতিশীল, শান্তিকামী, স্বাধীন, সার্বভৌম, স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে। বিএনপি করতে হলে জিয়াউর রহমান এবং তার রাজনৈতিক দর্শন ও আদর্শকে জানতে হবে।’

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন।

সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, ‘প্রবাসে থেকেও নেতাকর্মীরা দলীয় কর্মসূচি ও বিগত সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। দল এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার এই অবদানের কথা স্মরণ রাখবে।’

তিনি আরও বলেন, ‘পতিত আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের সর্বশক্তি দিয়ে মোকাবিলা করা হবে এবং তারেক রহমানের নেতৃত্বে দেশে আর সন্ত্রাস ফিরতে দেওয়া হবে না।’

প্রধান বক্তা আহবাব চৌধুরী খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।’

আওয়ামী লীগ আবারও সন্ত্রাসের মাধ্যমে দেশে-বিদেশে দেশের সুনাম নষ্টের পাঁয়তারা করছে উল্লেখ করে তিনি সম্মিলিতভাবে তা মোকাবিলার ঘোষণা দেন।

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম ও উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ আশিকুল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির সহসভাপতি আবু সাঈদ আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম ও সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী এবং যুক্তরাষ্ট্র মহিলা দলের সাবেক মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন।

এছাড়া সভায় আরও বক্তব্য দেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা, এমলাক হোসেন ফয়সাল, আব্দুর রহিম, রুহুল আমীন নাসির, অ্যাডভোকেট রেদওয়ানা রাজ্জাক সেতু, এজিএম জাহাঙ্গীর, নাসির উদ্দিন, সুয়েব আহমেদ, মানিক উজ্জামান, মোহাম্মদ লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভূঁইয়া, দুলাল রহমান ও কবির ফারুক।

অনুষ্ঠানে নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্ন, পিরোজপুর জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনি আক্তারসহ নিউইয়র্ক মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর