ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জমি বা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রচলিত পুরোনো মৌজা মূল্য প্রথা বাতিল করেছে সরকার। মূলত কর ফাঁকি রোধ, অপ্রদর্শিত সম্পদ জমানোর প্রবণতা কমানো এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যেই এই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে জমির বাস্তব বা প্রকৃত বাজারমূল্য নির্ধারণের মাধ্যমে কর আদায় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’-এ প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। সংশোধিত এই বিধিমালা থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট কমিটিগুলোকে এখন থেকে ন্যূনতম দরের বদলে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য যাচাই করে নির্ধারণ করতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জমি ও স্ট্যাম্প শুল্ক খাত থেকে সরকারি কোষাগারে ১১ হাজার ৭৫৩ কোটি টাকা রাজস্ব জমা হয়েছে। এই বিপুল রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আনতে নতুন এই পদ্ধতি কার্যকর করা হচ্ছে। এর ফলে সম্পত্তির বাজারমূল্য ও মৌজা মূল্যের মধ্যে যে বিশাল ব্যবধান ছিল, তা কমে আসবে বলে মনে করছে ভূমি মন্ত্রণালয়।
প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে তিন স্তরে এই নতুন কমিটি কাজ করবে। সিটি করপোরেশন এলাকার জমির দাম নির্ধারণে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে থাকবে বিভাগীয় কমিটি। এছাড়া পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমির মূল্য নির্ধারণ করবে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন জেলা কমিটি। অপরদিকে, অন্যান্য এলাকার জমির দাম ঠিক করবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে গঠিত উপজেলা কমিটি।
এই কমিটিগুলোতে স্থানীয় প্রশাসন, ভূমি, কর, গণপূর্ত ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন। তারা জমির ধরন, ব্যবহারযোগ্যতা, অবস্থান, যাতায়াত সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের মতো বিষয়গুলো বিবেচনা করে দাম নির্ধারণ করবেন। এই নির্ধারিত মূল্যতালিকা একটানা তিন বছর কার্যকর থাকবে।
ভূমি মন্ত্রণালয়ের তথ্যমতে, একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। বর্তমানে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এই কমিটিগুলো কাজ করবে। তবে প্রকৃত ও দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার কারিগরি সহায়তায় একটি স্বয়ংক্রিয় অনলাইন ব্যবস্থা তৈরির কার্যক্রম চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জমির মালিকানা, পরিমাপ, উন্নয়নের মাত্রা ও বিভিন্ন সূচক ব্যবহার করে এই অনলাইন পদ্ধতি তৈরি করা হবে। এটি অনেকটা সূত্রভিত্তিক হবে, যেখানে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে সম্পত্তির মূল্য নির্ধারিত হবে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হতে আরও এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।
এমদাদুল হক চৌধুরী জানান, প্রযুক্তিনির্ভর পূর্ণাঙ্গ মূল্যায়ন ব্যবস্থা চালু হওয়ার আগ পর্যন্ত কমিটির মাধ্যমে এই প্রক্রিয়া চলবে। আমরা ধীরে ধীরে বাজারভিত্তিক মূল্য নির্ধারণের দিকে এগোচ্ছি। সবশেষে দক্ষিণ কোরিয়ার আদলে তৈরি অনলাইন পদ্ধতিই বর্তমান প্রথার স্থায়ী সমাধান হিসেবে কাজ করবে।
Leave a Reply