শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার : আইনমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ সময় দেখুন

ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাম্প্রদায়িকতা, বিভাজন ও বিভেদের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতা, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার।

আইনমন্ত্রী বলেন, ‘একটা সময় বিএনপি সম্পর্কে সমাজে এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল যে বিএনপি মানেই সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুবিরোধী। কিন্তু সময়ের বিবর্তনে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে।’

তিনি বলেন, ‘আমার নির্বাচনি এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা আমাকে বিপুলভাবে সমর্থন করেছেন এবং বিএনপিকে ভোট দিয়েছেন। এটি প্রমাণ করে, মানুষ পরিবর্তনশীল এবং মানুষকে প্রগতিশীল চিন্তার দিকে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিএনপি করি, আমরা রাজনীতি করি। আমরা বামপন্থীদের ডানে এবং ডানপন্থীদের বামে অবস্থান করে মধ্যপন্থার রাজনীতিতে বিশ্বাস করি। বাংলাদেশি জাতীয়তাবাদ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

আইনমন্ত্রী বলেন, ‘ভাষার দিক থেকে আমরা বাঙালি, পাসপোর্টের রঙের দিক থেকে আমরা বাংলাদেশি। এই ভূখণ্ডের মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই গর্বিত সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার রয়েছে। ধর্মীয় বিশ্বাসের জায়গায় আমাদের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের রক্তের রং এক। একই আলো-বাতাসে আমরা বেড়ে উঠি, একই দেশের মাটিতে উৎপাদিত ফসল আমরা সবাই খাই। তাই সবার আগে আমাদের পরিচয়-আমরা বাংলাদেশের মানুষ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ভালো থাকলে, উন্নত হলে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থাকলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তার সুফল সবাই ভোগ করবে। ভয়ভীতির সংস্কৃতি দূর করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে প্রচার, অপপ্রচার ও নানা ধরনের হাইপ রয়েছে। এসবের বাইরে থেকে দেশের সেবায় যা কিছু করণীয়, সরকার তা-ই করবে। আমরা আইনের পথ ও আইনের শাসনের পথ ধরে এগিয়ে যেতে চাই। এ পথে আমাদের ভুল হতে পারে, আমরা বিভ্রান্ত হতে পারি কিংবা পথ হারাতে পারি।’

এ জন্য সমাজের বুদ্ধিজীবী, চিন্তাবিদ, সাংবাদিক ও জ্ঞানী-গুণী মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সঠিক তথ্য তুলে ধরে আমাদের ভুল ধরিয়ে দেবেন এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আমাদের পাশে থাকবেন।’

তিনি বলেন, ‘আদর্শ ও রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আগুনসন্ত্রাস ও তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বিভাজন ও বিভেদের রাজনীতির ঊর্ধ্বে মানবতাই হবে মানুষের মধ্যে ঐক্যের প্রধান ভিত্তি। যারা মানবতা, মানুষের উন্নয়ন ও কল্যাণ এবং মানবাধিকারে বিশ্বাস করেন, তাদের সবার জন্যই এই বাংলাদেশ। আর যারা মৌলবাদ ও সন্ত্রাসের পথ অবলম্বন করবেন, বাংলাদেশের মানুষ সেই পথ প্রত্যাখ্যান করবে বলে আমরা বিশ্বাস করি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানও আমাদের সেই পথ দেখিয়েছে।’

জগন্নাথ হলের স্মৃতিচারণ করে আইনমন্ত্রী বলেন, জগন্নাথ হল শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, ভদ্রতা, সভ্যতা, নম্রতা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম সমৃদ্ধ প্রতিষ্ঠান হিসেবে জগন্নাথ হলের অবদান অনস্বীকার্য। এ ধরনের একটি আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের আবারও মিলিত হওয়ার সুযোগ করে দেওয়ায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম ওবায়দুল ইসলাম, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশিষ পাল, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী নিবাস চন্দ্র মাঝি, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর