শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান নয়, স্থলবন্দর অথবা কাঁটাতারের বেড়া দিয়ে ‘পুশ-ইন’ করুক দিল্লি : শফিকুল আলম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কারও নাম না উল্লেখ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের নতুন অবস্থান নিয়ে কটাক্ষ করে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ‘দ্য ডেইলি ওয়াদার’ এর সম্পাদক শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর প্রয়োজন নেই। ভারত চাইলে তাকে স্থলবন্দর দিয়ে অথবা সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে ‘পুশ-ইন’ করতে পারে।

পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের ঠেকা পড়ছে একটা খুনি, মানবতাবিরোধী আইনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে মিলিটারি এয়ারক্রাফট (সামরিক বিমান) পাঠিয়ে দেশে নিয়ে আসবে!! মামাবাড়ির আবদার!! পারলে দিল্লি ওরে ল্যান্ডপোর্ট (স্থলবন্দর) দিয়া পাঠাইয়া দিক, নতুবা বর্ডারের কাঁটাতারের বেড়া দিয়া পুশ-ইন করুক!!’

শফিকুল আলমের এ মন্তব্য এসেছে মূলত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের নতুন অবস্থান নিয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদন প্রকাশের পর। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে দুটি শর্ত সামনে এনেছে নয়াদিল্লি।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম শর্ত হলো, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়া এবং তার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। এ জন্য তাকে সামরিক বিমানে ফেরত পাঠাতে চায় ভারত। বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিমান পাঠাতে হবে। তবে স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো স্থান থেকেও বাংলাদেশি সেনাসদস্যরা তাকে গ্রহণ করতে পারেন।

দ্বিতীয় শর্ত হলো, দেশে ফেরার পর জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’

বিবিসি বাংলার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে শেখ হাসিনার দীর্ঘ অবস্থান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে নয়াদিল্লির জন্য বিব্রতকর হয়ে উঠছে। তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন তার ফেরার সম্ভাব্য পথ হিসেবে দেখছে ভারত।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে নিযুক্ত তৎকালীন বাংলাদেশি হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই ওই বৈঠক হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। পরে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন।

চলতি বছর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলে বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর