ঢাকা, ০১ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (১ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলামী পরাজিত শক্তির সঙ্গে গোপনে সম্পর্ক রেখে কাজ করার চেষ্টা চালাচ্ছে।
জামায়াত আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘বিপ্লবের কথা বলেন? আপনাদের রাজনীতির ইতিহাস তো আত্মসমর্পণের ইতিহাস, স্বৈরশক্তির কাছে নতজানু হওয়ার ইতিহাস।’
রিজভী বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের হঠাৎ রাস্তায় নামিয়ে অস্থিরতা তৈরি করা হচ্ছে। অন্যদিকে তারেক রহমান একের পর এক দেশে গিয়ে বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে আসছেন। দেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন, সেটিকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে।’
তিনি বলেন, ‘এসব পদক্ষেপকে অগ্রাহ্য করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। গাড়িতে আগুন, বাসে আগুন, পুলিশ বক্সে আগুন এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে। প্রত্যেকটি ঘটনাস্থল থেকে যাদের আটক করা হচ্ছে, তাদের যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।’
রিজভী আরও বলেন, ‘আজও ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ওই ব্যক্তি নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে আন্দোলনের মধ্যে থেকে এসব কাজ করার কথা জানিয়েছেন।’
তিনি বলেন, ‘একদিকে পরাজিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি, অন্যদিকে নতুন একটি শক্তি (জামায়াত)। তারা পরাজিত শক্তির সঙ্গে গোপন সম্পর্ক রেখে কাজ করার চেষ্টা করছে। তারা পরাজিত শক্তির সঙ্গে গোপনে সম্পর্ক রেখে কাজ করার চেষ্টা চালাচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা যারা জাতীয়তাবাদী শক্তির পক্ষের লোক, আমরা এই দেশের মাটির পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, স্বাধীনতার পক্ষে। আমাদের বিদেশে কোনো প্রভু নেই, যে আমাদের আশ্রয় দেবে। আমরা এই দেশেই থাকবো, এই দেশের মাটিতেই থাকবো।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম খান, সাবেক সভাপতি খোরশেদ আলম মিয়া, ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, সাবেক সভাপতি আলহাজ্ব বোরহান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটির সদস্য সচিব নিহার হোসেন ফারুক, ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র এজিএস ইলতুৎমিশ সওদাগর এনি, ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধাসহ আরও অনেকে।
Leave a Reply