ঢাকা, ০১ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাবেক আমির ও কেন্দ্রের তালিকাভুক্ত সদস্য (রুকন) কাজী দ্বীন মোহাম্মদ এবং সাবেক নায়েবে আমির ও কেন্দ্রের তালিকাভুক্ত সদস্য (রুকন) একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে। আজ রোববার (০১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।
তিনি বলেন, তাদের আগেই মহানগর কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দলের রুকন পদ (সদস্য পদ) বাতিল করা হয়েছে। আজ থেকে তারা আর দলের কেউ নয়।
আবদুল হালিম জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাবেক আমির ও কেন্দ্রের তালিকাভুক্ত সদস্য (রুকন) কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা মহানগরীর সাবেক নায়েবে আমির ও কেন্দ্রের তালিকাভুক্ত সদস্য (রুকন) একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে। গত ১৪ অক্টোবর কুমিল্লা নগরীর মোঘলটুলি এলাকার ফারুকী হাউসে কুমিল্লা মহানগরী কার্যালয়ে সভা চলাকালীন সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
২৬ অক্টোবর জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আলোচনাক্রমে নির্বাহী পরিষদ তাদের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে। তবে তা আজ প্রকাশ্যে এসেছে।
এর আগে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।
Leave a Reply