সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়ে উদ্বেগ জানালেন ডা. শফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৫ সময় দেখুন

ঢাকা, ০১ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে বর্তমানে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার ফেসবুকের এক বিবৃতিতে তিনি এ খাতের সংকট নিরসনে সরকারের প্রতি দ্রুত এবং টেকসই কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, পোশাক শিল্প এখন এক কঠিন সময় পার করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বিশ্ববাজারে অনিশ্চয়তার কারণে এ খাত বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। একইসঙ্গে ক্রয়াদেশ কমে যাওয়া বা বাতিল হওয়ার মতো ঘটনাও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, পোশাক কারখানায় নিয়োজিত শ্রমিকদের জীবনযাত্রাও ভয়াবহ চাপের মুখে পড়েছে। বাড়িভাড়া, নিত্যপণ্যের চড়া দাম এবং যাতায়াত ও চিকিৎসা ব্যয় বাড়ায় তাদের মানবেতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিল্প টিকিয়ে রাখতে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সুরক্ষা নিশ্চিত করা জরুরি বলে তিনি মনে করেন।

জামায়াতের আমির বলেন, শিল্প বাঁচলে দেশের অর্থনীতি রক্ষা পাবে। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে উৎপাদনের চাকা সচল রাখতে হবে। একইসঙ্গে অন্য সব সমস্যা যৌক্তিকভাবে সমাধানের পথ বের করতে হবে। কোনো পক্ষকেই দায়সারা ভূমিকা পালন করলে চলবে না। তিনি আরো বলেন, শিল্প বাঁচলে শুধু মালিকেরা বাঁচবেন না, দেশও উপকৃত হবে।

পরিশেষে সব পক্ষকে সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, বর্তমান ভঙ্গুর অর্থনীতিতে এ শিল্পের সংকট মোকাবিলায় ব্যর্থ হলে তা আরও গভীর বিপদের দিকে ধাবিত হবে। তাই এ বিষয়ে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর