ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৯ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অটল সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মোজতবা খামেনিকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, আমি তেহরানের প্রতি আমাদের অটল সমর্থন ও ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করতে চাই। রাশিয়া ইরানের জন্য সবসময়ই একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল ও ভবিষ্যতেও থাকবে।
রুশ এই নেতা মোজতবা খামেনিকে উদ্দেশ্য করে আরও বলেন, যে সময়ে ইরান সশস্ত্র আগ্রাসনের মুখোমুখি, সেই সময়ে এই উচ্চ পদে আপনার দায়িত্ব পালন নিঃসন্দেহে অনেক সাহস ও নিষ্ঠার দাবি রাখবে।
উল্লেখ্য, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি ইরানের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তার নিয়োগকে জাতীয় ঐক্য জোরদার করার দিকে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
পূর্ববর্তী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ৩৭ বছর ধরে এই পদে অধিষ্ঠিত ছিলেন। ২৮শে ফেব্রুয়ারী মার্কিন-ইসরায়েলের যৌথ বিমান হামলায় তেহরানের তার কার্যালয়ে আঘাত হানে, এতে তিনি নিহত হন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৬ বছর।
Leave a Reply