ঢাকা, ২৭ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, উপদেষ্টা পরিষদের সভায় নির্বাচনে উপদেষ্টাদের অংশগ্রহণ কিংবা বাউলদের নিয়ে কোনও আলোচনা হয়নি। আমি যেটা জানি যে বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
শফিকুল আলম বলেন, ‘‘সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যেখানেই হামলা হয়েছে, সেখানে তারা খুব সাঁড়াশি অভিযান করছে—খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন।’’
পালাগানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে আটক করে পুলিশ। তাঁর মুক্তির দাবিতে ২৩ নভেম্বর মানিকগঞ্জে মানববন্ধনের জন্য সমবেত হওয়া বাউলদের ওপর হামলা করে ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদি জনতা’ ব্যানারে থাকা একদল ব্যক্তি।
আবুল সরকারের গ্রেপ্তার ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে গতকাল ঠাকুরগাঁওয়ে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় বাউলদের ওপর আবারও ‘তৌহিদি জনতা’র ব্যানারে হামলা চালানো হয়েছে।
বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং আবুল সরকারকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন।
Leave a Reply