গোপালগঞ্জ, ২৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করে মোট ৫ হাজার ৮ জনকে আসামি করা হয়েছে।
গত সোমবার বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। শুক্রবার গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় নিউটন মোল্লা ছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাসসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৫ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি।
এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন তারা। পথে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সড়কে গাছ ফেলে তাদের পথ আটকে দেন।
এজাহারে বলা হয়, বিজিবির পক্ষ থেকে তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলায় বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে নষ্ট হয়। এ ছাড়া অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট ও একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়।
বিজিবির যানবাহনে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগও করা হয়েছে। মামলায় এসব ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। এতে ৫ হাজার ৮ জনকে আসামি করা হয়েছে।
সূত্র: বাসস।
Leave a Reply